
ডেস্কনিউজঃ গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইলে। ইসরাইলের ইলাতের উন্মুক্ত এলাকায় ওই রকেট আঘাত হানে বলে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে।
আইডিএফ জানিয়েছে, রকেটটি উন্মুক্ত এলাকায় পড়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
আইডিএফ জানায়, শহরে কোনো সাইরেন বাজেনি। তবে প্রটোকল অনুযাযী হোম ফ্রন্ট কমান্ড মোবাইল অ্যাপ্লিকেশনে ওপেন এলাকার অ্যালার্ট সক্রিয় করা হয়।
এক্সের (সাবেক টুইটারে) এক পোস্টে দাবি করা হয়, আল-কাসসম ব্রিগেড ইলাতকে লক্ষ্য করে আয়াশ-২৫০ রকেট নিক্ষেপ করে। উল্লেখ্য, এখানে রেমন্ড বিমানবন্দর অবস্থিত। টি একটি ইসরাইলি বন্দর ও রিসোর্ট নগরী। পোস্টে বলা হয়, জায়নবাদী কর্তৃপক্ষের নিরীহ লোকজনের বিরুদ্ধে গণহত্যা চালানোর প্রতিবাদে তা করা হয়।
যুদ্ধ শুরুর পর আল-কাসসাম তৃতীয়বারের মতো আয়াশ-২৫০ রকেট নিক্ষেপ করল।
হামাসের আরেকটি সূত্র জানিয়েছে, গাজা থেকে ২২০ কিলোমিটার (১৩৬ মাইল) ছিল এর পাল্লা।
গাজায় এক ঘণ্টার হামলায় ৫০ জন নিহত
গাজা উপত্যকায় মঙ্গলবার রাতে ইসরাইলের এক ঘণ্টার ব্যাপক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। হামাস স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেকছেন, ‘ইসরাইলি দখলদার বাহিনী গাজা উপত্যকার একাধিক এলাকায় তাদের হামলা জোরদার করেছে। গত এক ঘণ্টার ব্যাপক হামলায় প্রায় ৫০ জন শহীদ হয়েছে।’
ইসরাইলে হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ইসরাইলি বাহিনী শনিবার তাদের বিমান হামলা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। ফলে সেখানে ক্রমবর্ধমান সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
এরআগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, সামরিক বাহিনী সোমবার হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। দিনটি হামাসের জন্য ‘বড়’ ক্ষতির দিন ছিল। হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরাইলের ব্যাপক বিমান ও কামান হামলায় ইতোমধ্যে গাজায় দুই হাজারেরও বেশি শিশু এবং ১,৪০০ নারীসহ ৫,৭৯১ জন নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা, এএফপি, টাইমস অব ইসরাইল
বিপুল/২৫.১০.২০২৩/ রাত ৯.০৫





