‘আমি প্রথমত ইসরাইলি, পরে ফিলিস্তিনি’

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ - ০৩:৫৮:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে হামাসের হামলার পর ‘নাস ডেইলি’ নামে পরিচিত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ফিলিস্তিনি-ইসরাইলি ভ্রমণ ভ্লগার নুসাইর ইয়াসিন বলেছেন, এখন থেকে তার পরিচয় প্রথমত ইসরাইলি, পরে ফিলিস্তিনি। 

শুরুর দিকে বিভিন্ন ধরনের প্রযুক্তি, সংস্কৃতি ও ভ্রমণ সম্পর্কিত ভিডিও তৈরি করতেন। পরে ধীরে ধীরে নিজের ও সমাজের বিভিন্ন গল্প তুলে ধরতে শুরু করেন। ইন্টারনেট জগতে পরিচিতি ও খ্যাতি ব্যাপক। একসময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো ব্যক্তিদের সঙ্গে কাজ করেন তিনি। ২০২২ সালে ক্যালকালিস্টের মাইন্ড দ্য টেক সম্মেলনেও যোগ দেন তিনি।

নাস ডেইলি লিখেছেন, আমি দীর্ঘদিন আমার পরিচয় নিয়ে লড়াই করেছি। আমি একজন ফিলিস্তিনি শিশু, যার জন্ম ইসরাইলে। আমার অনেক বন্ধু ‘ইসরাইল’ শব্দ বলতে রাজি ছিল না এবং তারা নিজেদের শুধু ফিলিস্তিনি হিসেবে পরিচয় দিত। কিন্তু ১২ বছর বয়সে এসে এটিকে অর্থপূর্ণ কিছু মনে হয়নি আমার। তাই আমি দুই পরিচয়ের মিশ্রণে ফিলিস্তিনি-ইসরাইলি পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নিই। আমি ভেবেছিলাম, এতে আমি কে তা স্পষ্ট হয়। প্রথমে ফিলিস্তিনি, পরে ইসরাইলি।

তিনি লিখেছেন— কিন্তু সাম্প্রতিক ঘটনার পর আবার আমি ভাবতে শুরু করি। ভাবতে ভাবতে আমার ভাবনা ক্ষোভে পরিণত হয়। আমি অনুধাবন করতে শুরু করি, যদি ইসরাইল আবারও এমন আক্রমণের শিকার হয় তা হলে আমরা নিরাপদ না। হামলাকারী সন্ত্রাসীদের কাছে ইসরাইলের সব নাগরিক লক্ষ্যবস্তু। এখন পর্যন্ত ৯০০ ইসরাইলি নিহত। এদের মধ্যে ৪০ জনের বেশি আরব। যাদের অপর আরবরা হত্যা করেছে। এমনকি থাইল্যান্ডের দুজন নিহত। আমি একটি ফিলিস্তিন সরকারের অধীনে থাকতে চাই না। 

এর অর্থ হলো— আমার মাত্র একটি বাড়ি রয়েছে। এমনকি আমি ইহুদি না হলেও ইসরাইল আমার বাড়ি। এখানেই আমার পরিবার বাস করে। এখানেই আমার বেড়ে ওঠা। আমি চাই এই দেশটির অস্তিত্ব টিকে থাকুক। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনও থাকুক। আমি দেশটির সমৃদ্ধি দেখতে চাই। আমি ফিলিস্তিনকে ভালোবাসি। কিন্তু সেটি আমার বাড়ি নয়।

তিনি আরও লিখেছেন, তাই আজ থেকে আমি নিজেকে একজন ইসরাইলি-ফিলিস্তিনি হিসেবে মনে করব। প্রথমে ইসরাইলি, পরে ফিলিস্তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৮

▎সর্বশেষ

ad