
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতি সেজেছে শরতের কাশফুলে। ঢাকে কাঠি পড়ল বলে। বছর ঘুরে আবারও আসছে দেবী দূর্গার আরাধনার শুভক্ষণ। শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে মৃৎশিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। তারা তাদের নিপুন হাতে কাদামাটি, খড়, বাঁশ ও সুতলি দিয়ে দেবী দূর্গার প্রতিমা তৈরি করছেন।
আখাউড়া পৌরশহরের দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবতীর্ জানান, এবার দেবী দূর্গার আগমন ও গমন ঘোটকে (ঘোড়া) চড়ে। আগামী ১৩ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে শারদীয় দূর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। ১৯ অক্টোবর মহা পঞ্চমী, ২০ অক্টোবর ৬ষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর নবমী। ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ জানান, গত বছর ২২ টি পূজা হলেও এবার আখাউড়া উপজেলার ২৩টি পূজামণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরশহর এলাকায় ৯টি ও উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরিসহ সাজসজ্জার ব্যাপক প্রস্তুটি চলছে। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা চালাচ্ছে কমিটি।তিনি আরো জানান, প্রশাসনের দেয়া নির্দেশ মতে রাত ৮ টার মধ্যে এবার প্রতিমা বিসর্জন সমাপ্ত করতে হবে । আমরা প্রতিটি পূজা মণ্ডপের কমিটির সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখছি। আশা করছি সবার সহযোগিতায় এবার উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম জানান, আখাউড়ায় ২৩টি পূজামণ্ডপের মধ্যে ১১টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১০টি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই নিরাপত্তার কাজ শুরু করে দিয়েছি। তাছাড়া প্রতিদিনই পুলিশ মণ্ডপে মণ্ডপে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি করছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পূজায় পুলিশ বিজিবি, আনসারের পাশাপাশি র্যাব বাহিনীও দায়িত্ব পালন করবে।
কিউটিভি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৮





