কুয়েতে ৩৪ ভারতীয় নার্স মুক্তি পেল

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৮:৩৯:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী ও দেশটির আইন লঙ্ঘনকারীদের ধরতে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে চলছে চিরুনি অভিযান। এসব অভিযানে প্রতিদিনই শত শত অভিবাসী আটক হচ্ছে। দেশটির আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। কুয়েত প্রশাসন বলছে, কুয়েতে কোন অবৈধ অভিবাসী এবং দেশের আইন মেনে চলে না এমন প্রবাসীদের স্থান নেই।

গত ১২ সেপ্টেম্বর কুয়েত শহরের একটি ক্লিনিক থেকে ভারতীয় ৩৪ জন নার্সসহ ৬০ জন কর্মীকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।  কুয়েতের ভারতীয় দূতাবাসের সহযোগিতায় দেশটির কর্তৃপক্ষের হস্তক্ষেপে বুধবার (৪ অক্টোবর) মুক্তি পেয়েছেন সবাই। এ বিষয়ে কুয়েতের ভারতীয় দূতাবাস এক টুইটবার্তায় জানিয়েছে, আটক আত্মীয়-স্বজনের আবেদনের প্রেক্ষিতে উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাদের মুক্তি দেয়া হয়েছে।

আটককৃতরা দীর্ঘদিন থেকে ক্লিনিকে বৈধভাবে কাজ করে আসছিলেন বলে জানা গেছে। কুয়েতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন ও কুয়েতে ভারতীয় দূতাবাস দেশটির নার্সদের মুক্তি নিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করেছে। তবে কেন তাদের আটক করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তাদের মুক্তি দেয়ার বিষয়টি একটি ইতিবাচক দিক উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।

 এর আগে ভারতীয় দূতাবাসের আরেকটি টুইটবার্তায় দেখা যায়, কুয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বিকা কুয়েত কারাগার ও সংস্কার ইনস্টিটিউশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার নাসের আল-আজমির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad