
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ০৫ অক্টোবর (২০২৩) বৃহস্পতিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, করোনা মহামারি, ডেঙ্গুসহ বিভিন্ন রোগ-ব্যাধির কারনে জীব-প্রযুক্তি শিক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ-সুবিধা যথাযথ ব্যবহার করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার জন্য শিক্ষার্থীদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের জৈব-প্রযুক্তির উৎকর্ষ সাধনে বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০






