বাবা-ছেলের জন্মদিনেই বিশ্বকাপের আনন্দ

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৭:০৭:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : এ বছর জীবনের ৪০তম বসন্তে পা দিলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০১৪ সালের ৫ অক্টোবর পৃথিবীর আলোর মুখ দেখেন ম্যাশের দ্বিতীয় পুত্র সাহিল মোর্ত্তজা।জনপ্রিয় এই ক্রিকেটার কারো কারো কাছে ম্যাশ, কারো কাছে আবার মাশরাফী নামে পরিচিত। তবে নড়াইলের সেই দুরন্ত কিশোরটি ছোটবেলা থেকে কৌশিক নামেই বেশি পরিচিত। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসার শুরু তার।

বয়স যখন ১৮ তখন আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন ঘটে এই তারকার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টেস্ট ফরম্যাটে ২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটে মাশরাফীর। সেই থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তার পথচলা শুরু হয়। টেস্ট ক্রিকেটের ঠিক ক’দিন পরই জিম্বাবুয়ের বিপক্ষেই একদিনের ক্রিকেটেও অভিষেক ঘটে তার। এরপর তার সুদীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে রয়েছে অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প। রয়েছে অনেক না পাওয়ার ব্যর্থতাও। তবে কোটি কোটি মানুষের কাছে মহানায়ক একজনই, আর তিনি হলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

সাতবার পায়ে অপারেশনের জন্য ক্রিকেট ক্যারিয়ার থেকে অনেকগুলো বছর হারিয়ে গিয়েছিল মাশরাফীর। তবুও থেমে থাকেননি ‘নড়াইল এক্সপ্রেস’। ক্যারিয়ারে এতো উত্থান-পতনের পরেও ইনজুরি যেন বোলিংয়ে কোনো প্রভাবই ফেলতে পারেনি ম্যাশকে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০১১ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পারলেও ২০১৫ সালের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ফেরেন তিনি। এরপরে দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তার নেতৃত্বে গ্রুপপর্বে আফগানিস্তান ও ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। সেখানে ভারতের বিপক্ষে হেরে বিদায় নেয় বাংলাদেশ। তবে বিতর্কিত সেই হারটি না আসলে হয়তো দলকে আরও সাফল্য এনে দিতে পারতেন মাশরাফী।

এছাড়া মাশরাফীর নেতৃত্বেই ঘরের মাঠে ১৬ বছর পর পাকিস্তানকে হারানো এবং হোয়াইটওয়াশের লজ্জা দেয় টাইগাররা। বিশ্বকাপে বিতর্কিতভাবে হেরে যাওয়া ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজও জেতান তিনি। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তার নেতৃত্বে সিরিজ জেতে বাংলাদেশ।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দশ বছর পর তার আমলেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। জাতীয় দল থেকে টি-টোয়েন্টি বাদে আনুষ্ঠানিকভাবে মাশরাফী এখনও অবসর নেননি। তাতে ক্রিকেটের পাশাপাশি নড়াইল-২ আসনের সংসদ-সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’। মাশরাফী এবং তার পুত্রের জন্মদিনে সময়টিভি পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা এবং শুভকামনা।

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad