আল্লাহর যে নাম নিয়ে দোয়া করলে কবুল হয়

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ - ০৯:৫৮:৪০ পিএম

ডেস্ক নিউজ : মাওলানা শরিফ হাসান শাহীন

ইউনুস আ.-এর দোয়া সংকটময় মুহূর্তের ইসমুল আজম
সাআদ ইবনু আবি ওয়াক্কাস রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। (সুরা অম্বিয়া:৮৭)
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে কোনো মুসলিম কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করেন। (সুনানুত তিরমিজি:৩৫০৫)

একক সত্তা আল্লাহর প্রতি সাক্ষ্য দিয়ে দোয়া

আবদুল্লাহ ইবনু বুরায়দাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، الأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনিই একমাত্র আল্লাহ। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি একক, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি। আপনার সমকক্ষ কেউ নেই।

তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,

সে আল্লাহর সেই মহান নামের মাধ্যমে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং যার মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তাআলা দান করেন। (সুনানু আবি দাউদ: ১৪৯৩;সুনানুত তিরমিজি: ৩৪৭৫)

একই দোয়ার আরেকটি বর্ণনা

অন্য এক হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই দোয়া শুনে বলেন, এই ব্যক্তি আল্লাহর সেই মহান নাম দ্বারা প্রার্থনা করেছে, যার দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং দান করেন। (সুনানু ইবনি মাজাহ:৩৮৫৭)
নামাজে এক সাহাবির দোয়া  ইসমুল আজমের পূর্ণতা
আনাস ইবনু মালিক রা. বলেন, আমি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে বসা ছিলাম। তখন এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে এভাবে দোয়া করল,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، الْحَنَّانُ الْمَنَّانُ، بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ হে আল্লাহ, আমি আপনার প্রশংসা করি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি দয়ালু, অনুগ্রহশীল। আপনি আসমান ও জমিনের একমাত্র স্রষ্টা। হে মর্যাদা ও মহিমার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, সে আল্লাহর ইসমুল আজম দ্বারা দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং কিছু চাইলে তিনি দান করেন। (সুনানুততিরমিজি:৩৭৯২; মুসনাদু আহমাদ: ১২৬২৭)

কুরআনের দুটি আয়াতে ইসমুল আজম
আসমা বিনতে ইয়াজিদ রা. বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

ইসমুল আজম রয়েছে এ দুটি আয়াতে, وَإِلٰهُكُمْ إِلٰهٌ وَاحِدٌ، لَا إِلٰهَ إِلَّا هُوَ، الرَّحْمٰنُ الرَّحِيمُ তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরম দয়ালু, পরম করুণাময়। (সুরা বাকারা:১৬৩)

اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، الْحَيُّ الْقَيُّومُ তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। (সুরা আল ইমরান:২)  (সুনানুত তিরমিজি: ৩৪৭৮) আল্লাহ তাআলার ইসমুল আজম এমন এক মহান নাম, যার মাধ্যমে দোয়া করলে তা ব্যর্থ হয় না। এই নামগুলো মূলত আল্লাহর একত্ব, করুণা, চিরঞ্জীবতা এবং সর্বশক্তিমত্তার পরিচায়ক।

আমাদের উচিত এই দোয়া গুলো মুখস্থ রাখা, নিয়মিত জিকিরে অন্তর্ভুক্ত করা, দুঃসময়ে, সুখে ও ইবাদতের পর এই দোয়া গুলো পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন!

 

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫৪

▎সর্বশেষ

ad