কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

superadmin | আপডেট: ০৯ জুন ২০২৬ - ০৫:৩৫:৩১ পিএম

ডেস্কনিউজঃ কিউবার উত্তর-পশ্চিম উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবারের কম্পন দেশটির পাশাপাশি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু অংশেও অনুভূত হয়েছে। সাধারণত ভূমিকম্পপ্রবণ নয় এমন এলাকাগুলোতে কম্পন অনুভূত হওয়ায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১ এবং এর গভীরতা ছিল প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল)। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কিউবার মান্টুয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১০৪ কিলোমিটার দূরে। এটি রাজধানী হাভানা থেকে কয়েক ঘণ্টার পথ।

ইউএসজিএসের ভূকম্পবিদ পল আর্ল বলেন, ক্যারিবীয় অঞ্চলের এই অংশে এত শক্তিশালী ভূমিকম্প খুবই অস্বাভাবিক। কারণ এটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে নয়, বরং একটি প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যেখানে সাধারণত ভূমিকম্পের ঘটনা তুলনামূলকভাবে কম ঘটে।

তিনি আরও জানান, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩২২ কিলোমিটার (২০০ মাইল) ব্যাসার্ধের মধ্যে সর্বশেষ এত শক্তিশালী ভূমিকম্প হয়েছিল ১৮৮০ সালে, যখন কিউবার সান ক্রিস্টোবাল এলাকার কাছে ৬.০ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়েছিল।

এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে জর্জরিত কিউবায় বহু ভবন জরাজীর্ণ অবস্থায় থাকায় ভূমিকম্পটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া চলমান ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে, ফলে পরিস্থিতি মূল্যায়ন করতে সময় লাগছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে আরও কিছু সময় প্রয়োজন হতে পারে।

বিপুল/০৯.০৬.২০২৬/বিকাল ৫.৩২

▎সর্বশেষ

ad