
স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। তবে পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ আমির সেমিফাইনালে ভারতের স্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে আমির দাবি করেন, ভারত নয়, গ্রুপ-১ থেকে সেমিফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
আমিরের যুক্তি, পাকিস্তানের সঙ্গে ছাড়া বাকি ম্যাচগুলোতে ভারতের ব্যাটিং দুর্বল ছিল। তার মতে, সুপার এইট পর্বে চাপ আরও বাড়বে, এবং সেই চাপ সামলাতে ভারতকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকেই হারাতে পারে।’
এছাড়া, আমির ভারতের ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে সমালোচনা করেছিলেন, যা নিয়ে ক্রিকেট মহলে বিস্তর আলোচনা হয়েছিল। তবে পরিসংখ্যান কিছুটা ভিন্ন কথা বলে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারতের পারফরম্যান্স অত্যন্ত ধারাবাহিক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা অপরাজিত ছিল।
সর্বশেষ ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত ৩৭টি জিতেছে, যা তাদের আধিপত্য প্রমাণ করে। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত তাদের মাটিতে আরও আত্মবিশ্বাসী। যদিও কিছু ব্যাটার এখনও বড় ইনিংস খেলতে পারেননি, তবে ভারত একটি শক্তিশালী দল এবং সেমিফাইনালে খেলার যোগ্য দল।
আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০৪






